

মোঃ বাবুল, প্রকাশকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক বিস্তারকারী, মাদক সরবরাহকারী ও কথিত মাদক ব্যবসায়ীদের গডফাদার ও একাধিক জুলাই মামলার আসামি আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম সফু, জাকির মেম্বার, হানিফ মেম্বার, মহসিন মাষ্টার, সজিবসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তারা অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সেলিম দারোগার বিরুদ্ধে ৫ আগস্টের হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলা রয়েছে। ৪টি হত্যা মামলা থাকার পরও তাকে পুলিশ গ্রেফতার করছে না। মাদক সরবরাহকারী ও কথিত মাদক ব্যবসায়ীদের গডফাদার হত্যা মামলার আসামী সেলিম দারোগাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম সেলিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।